কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং বিট এলাকায় রিজার্ভ বনভূমিতে অবৈধভাবে নির্মিত বসতি উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বন বিভাগ।
শুক্রবার সকালে ফজুমোরা এলাকার মো. রিদুয়ান রহমানের নতুন নির্মাণাধীন বাড়িতে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, টৈটং বিটের আওতাধীন ফজুমোরা এলাকায় সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে নতুন ঘর নির্মাণের খবর পেয়ে বন বিভাগ তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন বারবাকিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মোতালিব আল মোমিন।
এ সময় বারবাকিয়া রেঞ্জের সব বিট কর্মকর্তা, বন বিভাগের স্টাফ এবং সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে অবৈধভাবে নির্মাণাধীন ঘরটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং সংরক্ষিত বনভূমির জায়গা দখলমুক্ত করা হয়।
টৈটং বিটের বন কর্মকর্তা মোতালিব আল মোমিন জানান, রিজার্ভ বনভূমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বনজ সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কেউ যেন বনভূমিতে অবৈধ দখল বা নির্মাণকাজে জড়িত না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।


