পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় পাচারের সময় ৩ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের মৃত দুদু মিয়ার ছেলে ইমাম হোসেন (৪০), তাঁর স্ত্রী নুর জাহান (৩৫) এবং হোয়াইক্যং উত্তরপাড়া এলাকার ফরিদ আলমের মেয়ে রুমি আক্তার (২১)।
পুলিশ সূত্রে জানা গেছে, পেকুয়া থানার এসআই মো. সাজ্জাদের নেতৃত্বে একদল পুলিশ পেকুয়া চৌমুহনীর মৌলভী নুরুল হক চৌধুরী মার্কেটসংলগ্ন বদরখালী সিএনজি স্টেশনে বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পেকুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, তিন হাজার পিস ইয়াবা ও তিনটি মোবাইল ফোনসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

