ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে স‍্যার ও নৌকা জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০১:৫১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে মিয়ানমারে পাচারের প্রাক্কালে ৩২ বস্তা সার ও ২টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। সোমবার ২৯ জুন দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ‍্য নিশ্চিত করেন টেকনাফ ব‍্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল হানিফুর রহমান।

তিনি জানান, গত ২৮ জুন আনুমানিক সাড়ে ৮ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল জাদিমুড়া পোস্ট সংলগ্ন হাবিবুল্লাহ জোড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ১০ বস্তা সার এবং ১টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

পরবর্তীতে, অদ্য ২৯ জুন নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কতিপয় চোরাকারবারি বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সার নাফ নদী দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মজুত করেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) পরিকল্পনা ও নির্দেশনায় দমদমিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে।

পরিকল্পনা মোতাবেক বিজিবির আভিযানিক দল আনুমানিক সাড়ে ৫ ঘটিকায় দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ জাদিমুড়া পোস্ট সংলগ্ন হাবিবুল্লাহ জোড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে।

এ সময় নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় আরও ২২ বস্তা সার এবং ১টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
পৃথক দুটি অভিযানে সর্বমোট ৩২ বস্তা সার এবং ২টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৫৫ হাজার ২শ টাকা।

জব্দকৃত সার ও হস্তচালিত কাঠের নৌকাগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।