রাজশাহী মহানগরীতে বিদ্যুৎ বিভ্রাটের সময় ভবনের ছাদে উঠে অসাবধানতাবশত নিচে পড়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার রাতে নগরীর রাজপাড়া থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আখতারুজ্জামান (১৮) রাজশাহী মহানগরীর মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি পবা উপজেলার বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে রাজপাড়া থানার আমিনুল ইসলামের তিনতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে এলাকায় বিদ্যুৎ না থাকায় আখতারুজ্জামান ভবনের ছাদে ওঠেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদের এক কোণায় বসে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত দুই ভবনের মাঝখানের ফাঁকা স্থানে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, ঘটনার সময় আখতারুজ্জামানের মা বাড়িতে ছিলেন না।
রাজপাড়া থানা পুলিশ জানিয়েছে, মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

