ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

চকরিয়ায় পৈতৃক ভিটে দ্বন্দ্বে বড় ভাইকে হত্যা করল ছোট ভাই

চকরিয়া প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ১০:৩৮ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

চকরিয়ার খুটাখালীতে পৈতৃক বসতভিটার গাছ কাটায় বাধা দিলে ছোট ভাই ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে বড় ভাই নুরুল ইসলামকে (৫২) হত্যা করেছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম এবং তার ছোট ভাই ঘাতক আব্দুর রহিম ওই এলাকার আলী হোছেনের ছেলে। আহত অবস্থায় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, নিহত নুরুল ইসলাম পরিবার থেকে আলাদা হয়ে দীর্ঘদিন ধরে খুটাখালীর হরিখোলা ৬নং ওয়ার্ডে বসবাস করতেন। তাদের পৈতৃক ভিটা থেকে ছোট ভাই আব্দুর রহিম গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে আসলে বড় ভাই নুরুল ইসলামকে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় নুরুল ইসলাম প্রাণে বাঁচার অনেক চেষ্টা করেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় এমইউপি সদস্য নাছির উদ্দিন বলেন, সকালে আব্দুর রহিম তার পৈতৃক বসতভিটার বিক্রির উদ্দেশ্যে গাছপালা কাটা শুরু করে। এ সময় বাড়ির লোকজন বড় ভাই নুরুল ইসলামকে খবর দেন। 

এরপর ইসলাম এসে ছোটভাইকে পৈতৃক বসতভিটার গাছ না কাটার জন্য বাধা দিলে, দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো ছুরি দিয়ে বড় ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

চকরিয়া থানার ওসি মোহাম্মমদ মনির হোসেন বলেন, পৈতৃক ভিটা নিয়ে দুই সহোদরের মধ্যে ঝগড়া হয়। পরে ছোট ভাই বড় ভাইকে হত্যা করে।

লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক ভাইকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।