কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।
শনিবার (১১ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার (১০ জুলাই) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মাটির নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশে মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক চোরাচালান ও কারবারিদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

