ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

‎সিলেট সীমান্তের লাখাট স্টেশন সংলগ্ন এলাকায় খাসিয়ার গুলিতে যুবক নিহত

‎গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০১:৪২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট লাখাট সীমান্তে খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। ‎১০ জুলাই শুক্রবার রাত আনুমানিক ৩টার সময় মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

‎নিহত যুবক গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে। তবে স্থানীয়রা বলছেন, নিহত যুবক গতরাত আনুমানিক ৩টার সময় মিনহাজ উদ্দিন লাখাটের স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধ অনুপ্রবেশ করলে খাসিয়ার এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই মারা যান।

‎‎জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, ঘটনা শোনার সাথে সাথে আমরা তার বাড়িতে যাই। তখন পুলিশ ও বিজিবিকে খবর দেই, পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

‎গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক বলেন, পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর সীমান্তে খাসিয়ার গুলিতে এক যুবক নিহত হয়েছেন। খবর পাওয়ার সাথে সাথেই গোয়াইনঘাট থানা পুলিশের সেকেন্ড অফিসার তানভীর ফায়াজের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল তৈরি করে পরবর্তী কার্যক্রমের জন্য সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হচ্ছে।

‎সিলেট ৪৮ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ভারতের অভ্যন্তরে এক কিলোমিটার ভেতরে অসৎ উদ্দেশ্যের জন্য মিনহাজ উদ্দিন সেখানে গেলে খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন গুলিবিদ্ধ হলে বাংলাদেশে নিয়ে আসার পরে মেডিকেল যাওয়ার পথে মিনহাজ উদ্দিন মারা যান। বিজির পক্ষ থেকে সীমান্তে কড়া নজরদারি ও সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।