ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় সরবরাহ, ভেকু মালিককে ৩ লাখ জরিমানা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৭:১২ পিএম
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে খাল ও খালের পাশের কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার দায়ে ভেকু মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে কনকাপৈত ইউনিয়নের মাসকরা–চন্দ্রপুর এলাকার কৃষ্ণছড়া ও সংলগ্ন কৃষি জমিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র মাসকরা–চন্দ্রপুর এলাকার খাল ও কৃষি জমি থেকে মাটি কেটে একতা বাজার এলাকার অনিক ব্রিকসে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে ভেকু দিয়ে মাটি কাটার সময় হাতেনাতে অভিযুক্তদের শনাক্ত করা হয়।

তাৎক্ষণিকভাবে পর্যাপ্ত প্রমাণ পাওয়ায় ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫ ধারায় ভেকুর মালিক সাইফুল ইসলামকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে চৌদ্দগ্রাম পৌরসভা ও থানা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী বলেন, অনুমতি ছাড়া কৃষি জমি ও খাল থেকে মাটি কাটা শাস্তিযোগ্য অপরাধ। একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করছে। 

এসব অপরাধ দমনে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।