কুয়েতে এক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের শাহজাহান রনি (২৫) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। ঘটনার পর কুয়েতি পুলিশ এক নাগরিককে গ্রেপ্তার করেছে। নিহতের পরিবার এই ঘটনায় পরিকল্পিত হত্যা দাবি করেছে।
রনি চৌদ্দগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমলপুর গ্রামের তোফায়েল আহাম্মেদ ও নাছিমা বেগমের একমাত্র সন্তান ছিলেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে কালির বাজার জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৭ মাস আগে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর উদ্দেশ্যে রনি কুয়েতে পাড়ি জমান।
তিনি মীর হোসেনের মাধ্যমে কুয়েতে যান এবং সাবা আল নাসের এলাকায় মীর হোসেনের একটি বাকালা দোকানে চাকরি শুরু করেন। পরে চাকরি পরিবর্তন করে অন্যত্র কাজ শুরু করেন।
রনি সর্বশেষ ৩ ডিসেম্বর তার মায়ের সঙ্গে ফোনে কথা বলেন। এরপর ৪ ডিসেম্বর থেকে তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। নিখোঁজের ১৭ দিন পর ২১ ডিসেম্বর চৌদ্দগ্রাম পৌর প্রশাসনের মাধ্যমে পরিবার রনির মৃত্যুর খবর পায়।
রনির বাবা তোফায়েল আহাম্মেদ জানান, ২০২৩ সালের এপ্রিল মাসে প্রায় ১২ লাখ টাকা খরচ করে তাদের একমাত্র সন্তানকে কুয়েতে পাঠানো হয়েছিল। মৃত্যুর সঠিক কারণ এখনো পরিবারের কাছে বিস্তারিত জানানো হয়নি।
পরিবারের অভিযোগে জানা গেছে, কুয়েতি পুলিশ এক নাগরিককে গ্রেপ্তার করেছে। তবে দেশটির আইন অনুযায়ী অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি। মরদেহ দেশে পাঠানো হয়েছে এবং বুধবার রাত ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নুরুল আমিন বলেন, প্রবাসী কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনায় তিনি পরিবারকে রনির মৃত্যুর তথ্য জানান।
পরিবারের পক্ষ থেকে যদি পরিকল্পিত হত্যার অভিযোগ করা হয়, তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন