ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিজ ঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৭:৩৩ পিএম
প্রতিবেশীদের ভিড়। ছবি : রূপালী বাংলাদেশ

কুমিল্লার চান্দিনা উপজেলায় নিজ বাড়ির পৃথক দুটি কক্ষ থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। তবে প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি।

রোববার (১ মার্চ) বিকেলে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাছিহা (৭)।

পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে তালিম দিতে বাড়ি থেকে বের হন শ্বাশুড়ি কদরবানু। দুপুরে বাড়ি ফিরে ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান তিনি। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেন।

প্রতিবেশী রাসেল মজুমদার জানান, জানালা ভেঙে ঘরে প্রবেশ করে তারা একটি কক্ষে শিশুটিকে এবং অন্য কক্ষে তার মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, একই বাড়ির দুই কক্ষে মা ও মেয়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রেখেছে।