কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে আলিফা আক্তার আইমান (১.৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত আইমান উপজেলার উজিরপুর ইউনিয়নের চকলক্ষীপুর গ্রামের নুরুল আলমের কন্যা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা আনুমানিক ১১টার দিকে পরিবারের সদস্যরা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে শিশু আইমান ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন।
গুরুতর অবস্থায় শিশুটিকে স্বজনরা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর চাচা নুর নবী জানান, ‘পরিবারের অসাবধানতার সুযোগে এ দুর্ঘটনা ঘটে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. জাবেদ বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ছোট শিশুদের প্রতি আরও সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন