ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ট্রাক দুর্ঘটনায় নিহত ৭ শ্রমিকের বাড়িতে শোকের ছায়া

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৫:৩৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন কৃষিশ্রমিক নিহত হয়েছেন। নিহতদের বাড়ি দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায়। এ মর্মান্তিক ঘটনায় দুই উপজেলা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

জানা যায়, দিনাজপুর থেকে নোয়াখালীগামী একটি চালবোঝাই ট্রাকে করে ধান কাটার কাজে যোগ দিতে যাচ্ছিলেন ১৩ জন শ্রমিক। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন এবং অন্তত ৬ জন আহত হন। নিহতদের মধ্যে ৪ জনের বাড়ি বিরামপুর উপজেলার নিশিবাপুর (ভাইগড়) গ্রামে।

তারা হলেন- সুমন (২১), আবু হোসেন (২৯), আব্দুর রশিদ (৫৮) ও বিষু মিয়া (৩৪)। বিষয়টি নিশ্চিত করেছেন জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

অন্যদিকে, নিহতদের মধ্যে ৩ জনের বাড়ি নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামে। তারা হলেন- আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০) ও সালেক (৪৫)।

স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন জানান, স্বল্প ভাড়ায় ট্রাকে করে এসব শ্রমিক কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। হঠাৎ এই দুর্ঘটনায় উপার্জনক্ষম ব্যক্তিদের মৃত্যুতে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

স্বজন হারানোর বেদনার পাশাপাশি পরিবারগুলোর সামনে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণভাবে ট্রাকে শ্রমিক পরিবহন বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। যেন ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে।