ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুমিল্লায় বিএনপি নেতা আটকের পর থানা ঘেরাও, বাস টার্মিনাল বন্ধ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৪:৪৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানায় নিয়ে গেছে পুলিশ।

রোববার (৩ মে) তাকে থানায় আনা হয় বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার।

জানা গেছে, রোববার (৩ মে) দুপুরের দিকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে কোতোয়ালি মডেল থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

পুলিশের সূত্রে জানা যায়, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে রেজাউল কাইয়ুমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লার অন্যতম বৃহৎ শাসনগাছা বাস টার্মিনালের চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। রেজাউল কাইয়ুমের বাসাও শাসনগাছা বাস টার্মিনালের পাশে।

রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেছেন বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকেরা। তাকে আটকের পর ওই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

আজ দুপুর ২টার দিকে কুমিল্লা কোতোয়ালি থানা প্রাঙ্গণে দেখা যায়, ‘রেজাউল ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘জেলের তালা ভাঙব, রেজাউল ভাইকে আনব’— এমন নানা ধরনের স্লোগান দিচ্ছেন সমর্থকেরা।

এদিকে নেতাকর্মীদের নিয়ন্ত্রণে থানার প্রধান ফটক আটকে দিয়ে বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে।