দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাবেন। এই সফরের অংশ হিসেবে আগামী ১২ জানুয়ারি তিনি তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করতে দিনাজপুরে যাবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তারেক রহমানের এই সফরকে ঘিরে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় চলছে জোর প্রস্তুতি। একই সঙ্গে দিনাজপুর সদর-৩ আসনেও নেওয়া হচ্ছে সর্বাত্মক প্রস্তুতি।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের এসব তথ্য জানান ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গে আসছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়।
ডা. জাহিদ হোসেন আরও জানান, সফরের শুরুতে তারেক রহমান রংপুরে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। এরপর তিনি নবাবগঞ্জ ও বিরামপুর হয়ে দিনাজপুরে প্রবেশ করবেন এবং সেখানে তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন। এই সফরকে কেন্দ্র করে দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলাসহ আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপির সব স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে তাকে সংবর্ধনা জানাবেন। এই সফরের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং উত্তরবঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও সুদৃঢ় হবে।
এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে দিনাজপুরের বিভিন্ন উপজেলায় ব্যানার, ফেস্টুন, দলীয় কর্মসূচি ও সমাবেশের প্রস্তুতি চলছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


