দিনাজপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ডিভাইসসহ ১৬ পরীক্ষার্থী এবং প্রক্সি দিতে আসা আরও দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে মোট ১৬টি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দিনাজপুর জেলার ৪৫টি কেন্দ্রে একযোগে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেন প্রায় ৩৩ হাজার ৮৫৬ জন প্রার্থী। এর মধ্যে জেলার ১১টি কেন্দ্র থেকে এসব অভিযুক্তকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত পরীক্ষাকেন্দ্রগুলোতে অভিযান চালিয়ে ডিভাইস ব্যবহারকারী পরীক্ষার্থীদের শনাক্ত করা হয়। পাশাপাশি কাদের বক্স মেমোরিয়াল কলেজ (কেবিএম) কেন্দ্রে অন্যের হয়ে পরীক্ষা দিতে আসা দুজনকে হাতেনাতে ধরা হয়।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক হওয়া পরীক্ষার্থীদের সাথে জনপ্রতি প্রায় ১৫ লাখ টাকার বিনিময়ে পরীক্ষায় জালিয়াতির চুক্তি করা হয়েছিল। একটি সংঘবদ্ধ চক্র এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। ডিভাইস ব্যবহারের কৌশল সম্পর্কে আগাম তথ্য থাকায় পরীক্ষাকেন্দ্রেই তাদের আটক করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (নিয়ন্ত্রণ) আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং চক্রটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

