ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসন (পার্বতীপুর-ফুলবাড়ী) থেকে তালা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে দেখা যায়, এ জেড এম রেজওয়ানুল হক মোট ১,১৩,৬৫০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. আব্দুল আহাদ পেয়েছেন ১,০৮,৯৪৮ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ৪,৭০২।
এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩,১৬,২৯৪ জন। সকাল থেকে কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষ ও নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
ফলাফল ঘোষণার পর রেজওয়ানুল হকের সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখা গেছে। তারা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
বিজয়ী প্রার্থী রেজওয়ানুল হক সকল ভোটারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি এই আসনের সর্বস্তরের জনগণের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। পার্বতীপুর ও ফুলবাড়ীর উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, দিনাজপুর-৫ আসনটি পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত। এবারের নির্বাচনে এ আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত তালা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক বিজয় অর্জন করেন।


