দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া থেকে পার্বতীপুরগামী ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে কয়লাবোঝাই একটি ট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক পোল ভেঙে যায়। ফলে শনিবার ভোর সাড়ে ৪টা থেকে পার্বতীপুরে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
জানা গেছে, শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ফুলবাড়ীগামী কয়লাভর্তি একটি ট্রাক হাবড়া বাজারসংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৩৩ কেভি লাইনের পোলকে ধাক্কা দেয়। এতে পোলটি ভেঙে পড়ে এবং লাইন ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
ঘটনার পরপরই নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) পার্বতীপুর অফিসের লাইনম্যানরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতকাজ শুরু করেন। বিকল্প সংযোগ চালু করার জন্য একটানা কাজ চালিয়ে বিকেল ৪টা ৫৩ মিনিটে তারা সফল হন।
পার্বতীপুর নেসকোর আবাসিক প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মা জানান, মেরামতকাজ শেষ হওয়ার পর ১২ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন