ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিশু শিক্ষার্থীকে হত্যা, ভুট্টাখেতে পাওয়া গেল নিথর দেহ

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১২:০৫ পিএম
নিহত শিশু সিরাজুল আল সামস। ছবি : রূপালী বাংলাদেশ

দিনাজপুরের নবাবগঞ্জে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ইফতারের পর সিরাজুল আল সামস (৭) নামের শিশুটিকে খুঁজে পাচ্ছিল না পরিবার। অনেক খোঁজাখুঁজির পর ভুট্টাখেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া মাদ্রাসাসংলগ্ন একটি ভুট্টাখেতের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু মমিনুল ইসলামের ছেলে এবং আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইফতারের পর সামস নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা মাদ্রাসার পাশের ভুট্টাখেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি নুর আলম সিদ্দিকী জানান, এটি একটি হত্যাকাণ্ড। ধারালো অস্ত্রের আঘাতে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পরিবারের পক্ষ থেকেও ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।