মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে মজুত জ্বালানি তেল সীমান্ত দিয়ে পাচার রোধে বাড়তি সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
সরকারের নির্দেশে বৃহস্পতিবার (৫ মার্চ) থেকে হিলি সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিজিবির পক্ষ থেকে অতিরিক্ত টহল চালানো হচ্ছে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে বিজিবির বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে তেলের পাচার রোধে বিজিবির পোস্টগুলোকে সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, আমদানি করা পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকগুলো দেশে ফেরার সময়ও তল্লাশি করা হচ্ছে। কোনোভাবেই সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার হতে দেওয়া হবে না বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তে নজরদারি জোরদার থাকায় অবৈধভাবে জ্বালানি তেল পাচারের চেষ্টা প্রতিহত করা সহজ হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন