ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দিনাজপুরে মাদক সম্রাজ্ঞী সাথী গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৬:০৯ এএম
গ্রেপ্তার মোছা. মনি ওরফে সাথী

দিনাজপুরের বিরামপুরে ট্যাপেন্ডাডল ও ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের কেডিসি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মোছা. মনি ওরফে সাথী (৩০)। তিনি পৌর শহরের চকপাড়া ফিসারি অফিসসংলগ্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তার মনির কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্ডাডল ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিরামপুর থানা সূত্রে জানা যায়, মনির বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে এবং তার ১০টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। তিনি এর আগেও কয়েকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন।

পুলিশ আরও জানায়, রেলস্টেশনসংলগ্ন কেডিসি রোড এলাকা মাদক বেচাকেনা ও সেবনের একটি স্পট হিসেবে পরিচিত। এর আগেও ওই এলাকা থেকে মাদকসহ আরও একজন কারবারিকে আটক করা হয়েছিল।

বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।