ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেড়াতে এসে লাশ হলেন জামাই, উধাও শ্বশুরবাড়ির লোকজন

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৬:৩০ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে তোজাম্মেল হক (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজনকে বাড়িতে থেকে পালিয়েছে। 

নিহত তোজাম্মেল হক বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের টাটকপুর গ্রামের মৃত মজিবর রহমানের তৃতীয় সন্তান। তিনি পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মকসেদুল ইসলামের মেয়ের দ্বিতীয় স্বামী।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে হাবড়া ইউনিয়নের একটি নদীর কিনারের আমবাগানে তোজাম্মেল হকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পার্বতীপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, নিহত তোজাম্মেল হক বুধবার সন্ধ্যায় বিশেষ প্রয়োজনে শ্বশুরবাড়ি হাবড়ায় বেড়াতে যান। পরদিন সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় শ্বশুরবাড়ির কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।