দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জেলার তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। জেলা আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে গতকাল শুক্রবার (২০ মার্চ) ভোর ৬টা থেকে ২১ মার্চ ভোর ৬টা পর্যন্ত দিনাজপুরে মোট ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে শনিবার (২১ মার্চ) ভোর ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কিছুটা কমে গেছে এবং আবহাওয়া তুলনামূলকভাবে শীতল অনুভূত হচ্ছে। আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী পূর্বাভাস জানানো হবে।

