ফরিদপুরের সালথায় পেঁয়াজের জমিতে সেচ দেওয়ার মতো তুচ্ছ ঘটনায় বিরোধের জেরে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, গট্টি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে বালিয়া গ্রামের মাঠে পেঁয়াজের জমিতে পানি সেচ দেওয়া নিয়ে জাহিদ মাতুব্বরের সমর্থক শহীদ শরীফের সঙ্গে নুরু মাতুব্বরের সমর্থক জাহিদের হাতাহাতি হয়। এর জেরে সন্ধ্যার পর বালিয়া বাজারে উভয় পক্ষের লোকজন জড়ো হন।
একপর্যায়ে রাত ৮টার দিকে দুপক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় অন্তত পাঁচটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সংঘর্ষে আহত ১০ জনের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে সেনাবাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

