ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচনে জয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করব: শামা ওবায়েদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৮:৩৬ এএম
শামা ওবায়েদ। ছবি : রূপালী বাংলাদেশ

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, আপনারা ধানের শীষে ভোট দিলে আমি এলাকার উন্নয়নে কাজ করতে পারব। প্রার্থী আমি নই, প্রার্থী আপনারা সবাই। প্রার্থী আমার মা-বোনরা, মুরুব্বিরা এবং আমার ভাইয়েরা। আপনারা সবাই ধানের শীষের প্রার্থী।

আপনারাই রিংকু, আপনারাই ওবায়দুর রহমান হয়ে প্রত্যেকেই ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইবেন। এটা আপনার নির্বাচন, আমার নির্বাচন নয়। কারণ ২০১৮ সালে আপনারা ভোট দিতে পারেননি। এই আটঘর ইউনিয়নের গোয়ালপাড়ায় বহু ঘটনা ঘটেছে। সুতরাং এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়। আমরা ঐক্যবদ্ধ হয়ে সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে এক হয়ে যদি ধানের শীষের পক্ষে কাজ করতে পারি, তাহলে আমরা উন্নয়নশীল সালথা গড়তে পারব।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুরের সালথা উপজেলার গোয়ালপাড়া গ্রামে আটঘর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত ধানের শীষের নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমার বাবা কেএম ওবায়দুর রহমানের অবর্তমানে আমি ১৮ বছর আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু আগামী ১২ই ফেব্রুয়ারি যে ভোট, এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যতের জন্য। এই যে ছোট ছোট বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, তাদের ভবিষ্যতের জন্য, সালথা-নগরকান্দার ভবিষ্যতের জন্য এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শামা ওবায়েদ বলেন, আমি আপনাদের মেয়ে হিসেবে, বোন হিসেবে আপনাদের কাছে আসছি। দাবি ও অধিকার দিয়ে বলছি, আপনারা কেউ মুনাফেকি করবেন না, প্লিজ। আমার বাবা জীবনে আপনাদের সাথে মুনাফেকি করেননি। আপনারা যখনই ওনার কাছে গেছেন, তিনি সব কিছু দিয়ে চেষ্টা করেছেন আপনাদের পাশে থাকার। আমিও আপনাদের পাশে থেকে আমার জীবনভর কাজ করে যেতে চাই।

আমাদের একটা সুযোগ করে দিন জানিয়ে তিনি বলেন, আগামী ১২ তারিখে আপনারা সবাই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ধানের শীষে ভোট দিন। নির্বাচনের দিন ভোটের ফলাফল না পাওয়া পর্যন্ত ভোট পাহারা দিন।

৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুরাদ মাতুব্বরের সভাপতিত্বে এবং যুবদল নেতা শাফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মো. জহুরুল হক ফকির, আটঘর ইউনিয়ন বিএনপি নেতা সামাদ মাতুব্বর, আহাদ শেখ, কাওছার মাতুব্বর, ইলিয়াছ মাতুব্বর, কামরুজ্জামান আলী, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, হাসান আশরাফ, মিরান হুসাইন, মাহফুজ খান, রাশেদ মৃধা, সাইফুল মাতুব্বর, রব্বানী মাতুব্বর, মোজাফফর, কবির, এনায়েত, সেন্টু মাতুব্বর, ইলিয়াস মাতুব্বর, মান্নান মাতুব্বর, জাহাঙ্গীর শেখ, জহুর মাতুব্বর, মো. বকুল মাতুব্বর, হাসমত আলী খান, মুকুল খান, ওলামা দল নেতা সোহাগ মোল্লা, ছাত্রদল নেতা তানভীর হোসেন প্রমূখ।