ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশে তেলের কোনো সংকট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৯:৫২ এএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ছবি : সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তবে কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কৃষিকাজে সবচেয়ে বেশি ডিজেল ব্যবহার হয়। কৃষি খাতে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে। তবে বর্তমানে আতঙ্কের কারণে অনেকে স্বাভাবিকের চেয়ে বেশি তেল সংগ্রহ করছেন, যা বাজারে চাপ সৃষ্টি করছে।

তিনি বলেন, ‘বিশ্বে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে। তবে দেশে তেলের কোনো সংকট নেই। কিছু অসাধু ব্যবসায়ী মজুত করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করছেন। তিনি সালথা ও নগরকান্দার বিভিন্ন শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের অবস্থা পর্যবেক্ষণ করেছেন বলেও জানান।

এর আগে তিনি নগরকান্দা ও সালথা উপজেলার একাধিক সরকারি প্রতিষ্ঠান, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পাটের গোডাউন পরিদর্শন করেন।

এ সময় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।