ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকেরস

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০২:৪৭ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সালথায় গাছ বোঝাই একটি নছিমনের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে জুলহাস মাতুব্বর (২৮) নামে এক চালক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩০ জুন) আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জুলহাস মাতুব্বর উপজেলার নিধিপট্টি গ্রামের ওহিদ মাতুব্বরের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত নছিমন চালক ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

স্থানীয়রা জানান, শৈলডুবি এলাকায় গাছ বোঝাই একটি লাইসেন্সবিহীন নছিমনের সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক জুলহাস গুরুতর আহত হন। পরে গুরুতর আহত জুলহাসকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।