ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে ১০ গ্রামবাসীর সংঘর্ষ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ১০:১৮ পিএম
ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নদীর দুই পাড়ের প্রায় ১০ গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পাশাপাশি ৩০ থেকে ৪০টি দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসামদিয়া গ্রামের এক যুবক এবং কাপুড়িয়া সদরদী গ্রামের আরেক যুবকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে মাইকিং করে লোকজন জড়ো করা হলে নদীর দুই পাড়ের প্রায় ১০ গ্রামের হাজারো মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের কারণে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়ক এবং খুলনা-ঢাকা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এর ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দূরপাল্লার যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এছাড়া ৩০ থেকে ৪০টি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।