জনগণের ন্যায্য বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
মঙ্গলবার (৩০ জুন) পুলিশ হেডকোয়ার্টার্সে ভার্চুয়ালি অনুষ্ঠিত মে ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম-সেবা, পিপিএম-সেবা।
সভায় দেশের বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি অংশ নেন। পুলিশ সদর দপ্তর থেকে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অতিরিক্ত আইজিপি মামলা তদন্তে তদারকি জোরদার করার নির্দেশ দিয়ে বলেন, পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিযান পরিচালনার সময় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা এবং সরকারি সম্পদের সুরক্ষার বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
দুই দিনব্যাপী এ মাসিক অপরাধ পর্যালোচনা সভার প্রথম দিনে মেট্রোপলিটন পুলিশ ও রেঞ্জের কর্মকর্তারা এবং দ্বিতীয় দিনে বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা অংশ নেন।
সভায় মে ২০২৬ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন, মামলা তদন্তের অগ্রগতি, বিচারের ফলাফল, সাজার হার এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

