ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ধানমন্ডি লেকে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা অপসারণ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৭:৫১ পিএম
ছবি : সংগৃহীত

নগরীর সৌন্দর্য রক্ষা, জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত এবং সরকারি উন্মুক্ত স্থান দখলমুক্ত রাখতে ধানমন্ডি লেক এলাকায় উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (৩০ জুন) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ধানমন্ডি লেক ও লেক-সংলগ্ন বিভিন্ন এলাকায় ইজারার শর্ত ও আওতাবহির্ভূত সব অবৈধ অস্থায়ী স্থাপনা, টং দোকান এবং হকার উচ্ছেদ করা হয়। একই সঙ্গে এলাকাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

এ ছাড়া ফুটপাত ও উন্মুক্ত স্থান অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে চারটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, জনসাধারণের সুবিধা নিশ্চিত করা এবং ধানমন্ডি লেকের নান্দনিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, নগরীর উন্মুক্ত স্থান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিত মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।