ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

পূর্বধলায় ১৬ বস্তা ভারতীয় কম্বলসহ পিকআপ জব্দ, চালক পলাতক

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৮:০২ পিএম
ছবি : সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় পুলিশের বিশেষ অভিযানে ১৬ বস্তা ভারতীয় কম্বলসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে যান।

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার খলিশাউর ইউনিয়নের ইছুলিয়া বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সার্বিক নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে এসআই (নিরস্ত্র) মোবারক হোসেনের নেতৃত্বে একটি পিকআপ তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে ১৬ বস্তায় থাকা মোট ১৬০টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক মালামালসহ পিকআপ রেখে পালিয়ে যান। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।