ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ময়মনসিংহে বিষাক্ত গ্যাসে অসুস্থ ৩৯, ঘটনাস্থল পরিদর্শনে মউক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৭:৪৬ পিএম
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ নগরীর গোলপুকুরপাড় এলাকার একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে ৩৯ জন অসুস্থ হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এ ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হবে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।

মউক চেয়ারম্যান জানান, ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, স্বেচ্ছাসেবক দলের নেতা আতাহার তালুকদার রিপনসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার সন্ধ্যায় গোলপুকুরপাড় এলাকার আসফি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে একটি পুরোনো অগ্নিনির্বাপণ সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে আশপাশের অন্তত ৩৯ জন অসুস্থ হয়ে পড়েন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জবায়দুল হক জানান, অসুস্থদের মধ্যে ৩৮ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। একজন গুরুতর অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে ঘটনার জন্য কারও গাফিলতি রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।