নাগরিক সেবার মানোন্নয়ন, বাস্তবসম্মত আয়-ব্যয়ের সমন্বয় এবং টেকসই নগর উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে রাজশাহী সিটি করপোরেশন।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে রাজশাহী সিটি করপোরেশনের সিটি হলের অ্যানেক্স ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা করেন সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট ছিল ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৬ পয়সা। সংশোধিত বাজেটে তা বেড়ে ৯৩৪ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৪২৩ টাকা ৪৯ পয়সায় উন্নীত হয়েছে।
প্রশাসক বলেন, নাগরিকদের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে আয়-ব্যয়ের বাস্তবসম্মত সমন্বয়ের ভিত্তিতে নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে। এ বাজেটে আয় ও ব্যয় সমপরিমাণ ধরা হয়েছে।
তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের আয়না ও জাতির বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে রাজশাহীর উন্নয়ন, সম্ভাবনা ও ইতিবাচক অগ্রযাত্রা দেশ-বিদেশে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
মাহফুজুর রহমান রিটন বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে এ বাজেট বাস্তবায়ন করা হবে। পাশাপাশি পরিচ্ছন্ন, আধুনিক, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী গড়ে তুলতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

