শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন প্রধান সড়কে ছাত্রশিবিরের শহর শাখার ব্যানারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন: জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. ইলিয়াস, সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি শফিকুল ইসলাম এবং অফিস সম্পাদক আব্দুল কাদের জিলানী প্রমুখ। এ ছাড়া জেলার বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, শাকসু নির্বাচন পুনরায় বাস্তবায়ন করতে হবে। সাধারণ শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু একটি রাজনৈতিক প্রতিপক্ষ নির্বাচন বন্ধ করতে উঠেপড়ে লেগেছে।
তারা জাতীয় সংসদ নির্বাচনের আগে শাকসু নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নির্বাচন আয়োজনের দাবি জানান। অন্যথায় আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।



