ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের মধ্যম ফরহাদ নগর গ্রামের মাহবুবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতে ইসলামীর এক কর্মীর ওপর অতর্কিতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির দুই কর্মী বকু ও স্বপনের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঘটনার সময় জামায়াতকর্মী রেজাউল করিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে পূর্বপরিকল্পিতভাবে বকু ও স্বপনের নেতৃত্বে একদল ব্যক্তি রেজাউল করিমের ওপর হামলা চালায়।
ফরহাদনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত নই। বিস্তারিত পরে জানানো হবে।
ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হান্নান বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার জন্য জোর দাবি জানাচ্ছি।
ফেনী মডেল থানার ওসি ফৌজুল আজিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


