ফেনী সদর হাসপাতাল মোড়ে অবস্থিত ‘হাজী মিষ্টি মেলা’ নামের একটি মিষ্টির দোকানে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইকবাল ও মনিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে দাবি করে ভুক্তভোগীরা।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সাংবাদিক ইউনিয়ন, ফেনীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে মো. রমজান সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৭ মার্চ দিবাগত রাতে সদর হাসপাতাল মোড়ে ‘হাজী মিষ্টি মেলা’ দোকানের মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে মনির ও ইকবালের নেতৃত্বাধীন একটি চক্র। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দোকানে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট এবং প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে দোকানটির জায়গা দখলের চেষ্টাও করা হয়। এ বিষয়ে ফেনী মডেল থানায় একটি অভিযোগ করা হয়। কিন্তু এ ব্যাপারে প্রশাসনের কোনো তৎপর দেখা যাচ্ছে না।
তিনি আরও জানান, দোকানটি তার স্ত্রী, শ্যালক ও শাশুড়ির বৈধ মালিকানাধীন জায়গার ওপর প্রতিষ্ঠিত। তবে অভিযুক্তরা জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল তৈরি করে জমিটির মালিকানা দাবি করে আসছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।
ভুক্তভোগী দাবি করেন, জমিসংক্রান্ত একটি মামলায় তারা ইতোমধ্যে রায় পেয়েছেন। তবুও অভিযুক্তরা তাদের পৈতৃক সম্পত্তির কিছু অংশ জোরপূর্বক দখল করে রেখেছে।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় ভুক্তভোগীর পরিবারের সদস্য ও হাজী মিষ্টি মেলার মালিকগণ উপস্থিত ছিলেন।

