ফেনীর সোনাগাজীতে আচমকা ধেয়ে আসা তীব্র কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। ঝড়ের আঘাতে উপজেলার বিভিন্ন স্থানে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে, ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি এবং লন্ডভন্ড হয়েছে বসতবাড়ির চাল। ফলে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়াসহ চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
সোনাগাজী পৌরসভা ও আশপাশের এলাকায় রোববার (১৭ মে) দুপুরে সরেজমিনে দেখা যায়, ঝড়ের তীব্রতায় বিশালাকার গাছ উপড়ে এবং ডালপালা ভেঙে বসতবাড়ির ওপর পড়েছে। উপজেলার বিভিন্ন গ্রামে কাঁচা ও আধা-পাকা ঘরের টিনের চাল উড়ে গেছে এবং গাছ পড়ে ঘরের দেয়াল ও কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। নিজের ক্ষতিগ্রস্ত বসতভিটার ওপর ভেঙে পড়া গাছের ডালপালা সরানোর আপ্রাণ চেষ্টা করতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, মুহূর্তের মধ্যে আকাশ অন্ধকার করে তীব্র বেগে ঝড় শুরু হয়। ঝড়ের স্থায়িত্ব কম হলেও এর তীব্রতা ছিল ভয়াবহ। গাছপালা ভেঙে রাস্তার ওপর পড়ায় বেশ কয়েকটি এলাকার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোস্তফা কামাল বলেন, ঝড়ের সময় গাছের ডালপালা ভেঙে বিদ্যুতের মূল লাইনের ওপর পড়ায় এবং বেশকিছু এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় পুরো সোনাগাজী উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা লাইন সচল করতে কাজ শুরু করলেও, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। সংযোগ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানা গেছে।
সোনাগাজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. নুরুল আলম বলেন, পৌর শহরের বৈদ্যুতিক লাইনের ওপর ঝড়ে টিন এসে পড়ায় আমাদের একটা টিম এটি অপসারণ করে। যেটি ছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন