গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগের এক নেতা মারা গেছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
মারা যাওয়া ব্যক্তির নাম ওয়াসিকুর রহমান বাবু (৪৩)। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাশবাড়িয়া গ্রামের এনায়েতুর রহমানের ছেলে।
ওয়াসিকুর রহমান রাজধানীর বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার আল মামুন জানান, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় ঝটিকা মিছিলের সময় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ওয়াসিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২৭ সেপ্টেম্বর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ স্থানান্তর করা হয়। ওই মামলায় আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কারা সুপার বলেন, রোববার বিকেলে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের একটি দল তাকে নিতে কারাগারে আসে। পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি হিসেবে তাকে কারাগারের অফিস কক্ষে (ভর্তি শাখা) একটি চেয়ারে বসানো হয়। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে চেয়ার থেকে ঢলে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

