গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় আগতদের আপ্যায়ন করবে গাজীপুর বিএনপি।’ এ ছাড়া বৃহত্তর গাজীপুর থেকে প্রায় কয়েক লাখ লোকের সমাগম ঘটানো হবে বলেও তিনি জানান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন এম মঞ্জুরুল করিম রনি।
গাজীপুর মহানগর বিএনপির এই নেতা বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের গণতন্ত্রের রাজপুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখতে পুরো দেশবাসীর মতো গাজীপুরের জনগণও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগামী ২৫ ডিসেম্বর সকালে আমাদের সেই অপেক্ষার অবসান হবে বলে আমরা আশা করি।’
এম মঞ্জুরুল করিম রনি বলেন, ‘আগামী ২৫ তারিখ দীর্ঘ দেড় যুগ পর দেশে আসছেন আমাদের প্রাণপ্রিয় নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে স্মরণীয় করে রাখতে আমাদের বিএনপির প্রস্তুতি রয়েছে সারা বাংলাদেশব্যাপী। বিশেষ করে গাজীপুর যেহেতু ঢাকার পার্শ্ববর্তী, তাই এখানে আমাদের দায়িত্ব একটু বেশি।’
তিনি বলেন, ‘আমাদের গাজীপুর থেকে বিপুল সংখ্যক মানুষ ২৫ তারিখে আসবে বলে আমরা আশা করছি। গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে প্রস্তুতি বেশ কয়েকদিন আগেই নেওয়া শুরু করেছি। ইতোমধ্যে আমরা গাজীপুর মহানগর বিএনপির সংবর্ধনা মঞ্চ, যা ৩০০ ফিট এলাকায় হচ্ছে, তা পরিদর্শন করেছি। এরপর আমাদের লোকজন কোথায় অবস্থান করবে, সেটাও আমরা নির্ধারণ করে রেখেছি।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘যেহেতু সারা বাংলাদেশ থেকে লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটবে সেদিন ঢাকা শহরে, তাই আমরা আগে থেকেই পরিকল্পনা করেছি। আমাদের গাজীপুরের অধিকাংশ মানুষ যেন আগের দিন, অর্থাৎ ২৪ তারিখ রাতেই এসে অবস্থান করতে পারে, সে জন্য খাবার ও পানিসহ সব ধরনের সুব্যবস্থা করা হয়েছে। এসবের জন্য ৩০০ ফিটের কাছেই একটি স্থান নির্ধারণ করে রাখা হয়েছে, যা আমরা পরিদর্শন করে এসেছি।’
তিনি বলেন, ‘তারেক রহমানের আগমন উপলক্ষে জনগণ ও আমাদের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কারণ তিনি বর্তমানে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। দল-মত নির্বিশেষে সবাই মনে করে, বাংলাদেশ এখন তারেক রহমানের হাতেই নিরাপদ।’
রনি বলেন, ‘বর্তমানে যে সংকটাপন্ন অবস্থা চলছিল, তিনি দেশে আসার পর আশা করি সেই সংকট কেটে যাবে সারা বাংলাদেশে।’
তিনি বলেন, ‘গাজীপুর থেকে যারা ঢাকায় আসবেন তাদের জন্য বাস ও ট্রাকের পাশাপাশি ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে। দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে—একটি সকাল সাড়ে সাতটায় এবং আরেকটি সকাল ১০টা ২০ মিনিটে। ট্রেনগুলো জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত যাবে। এই দুটি ট্রেন আমাদের নেতাকর্মী ও সাধারণ জনগণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘সারা বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে যারা ঢাকায় আসবেন তাদের জন্য আমরা একটি অভ্যর্থনা কেন্দ্র করেছি। টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠের পাশে সেখানে তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে গাজীপুর বিএনপির পক্ষ থেকে। রাত ১২টার পর রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড় ও ময়মনসিংহসহ বিভিন্ন এলাকা থেকে গাড়ি আসা শুরু করবে। ঢাকায় ঢুকতে দেরি হলে তারা টঙ্গীতে কিছুটা বিশ্রাম নিয়ে পরে সভাস্থলে যাবেন।’
তিনি আরও বলেন, ‘উত্তরাঞ্চলের জেলা থেকে যারা ঢাকায় আসবেন, তাদের জন্য পানি ও শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে, যেন তারা বিশ্রাম নিয়ে যথাসময়ে সভাস্থলে পৌঁছাতে পারেন।’
এম মঞ্জুরুল করিম রনি বলেন, ‘আমি গাজীপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছি এবং সেখানে জনগণের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছি। দীর্ঘ ১৮ বছর পর বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে এবং গাজীপুরে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গাজীপুরের জনগণের সমর্থন ও ভোট নিয়ে আমরা আশা করি গাজীপুর-২ আসন তারেক রহমানকে উপহার দিতে পারব, ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘গাজীপুর-২ আসনটি বাংলাদেশের অন্যতম বৃহৎ আসন এবং এখানে সবচেয়ে বেশি ভোটার রয়েছে। ইনশাআল্লাহ, ১৯৯১ সালে যেভাবে সর্বোচ্চ ভোট পেয়ে আমরা নির্বাচনে জয়ী হয়েছিলাম, এবারও সেই রেকর্ড গড়তে চাই।’



