ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুই জামায়াতকর্মীসহ শতাধিক ব্যক্তির বিএনপিতে যোগদান

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৪:৩৫ পিএম
বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে দুই জামায়াতকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার টেপিরবাড়ি গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি নেতা অধ্যাপক ডা. এস এস রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

নবাগতদের মধ্যে রয়েছেন শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জামায়াতকর্মী মঞ্জিল মাঝি ও জাকিরুল ইসলাম, ব্যবসায়ী সোলেমান হোসেন, দলিল লেখক আমির হোসেন, কৃষকলীগ নেতা হুমায়ুন কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন: ইউসিসিএর চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম মাহফুল হাসান হান্নান, শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম নয়ন, তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সেলিম বন্দুকসীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিই জনগণের আস্থার প্রতীক। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে বলে তারা আশা প্রকাশ করেন।