গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার গাড়ারণ গ্রামে রেল পিলার নম্বর ৩৩২/৮ ও ৩৩২/৯-এর মধ্যবর্তী স্থানে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্র জানায়, সকালে রেললাইনের ওপর রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রেললাইন ও আশপাশের মাটিতেও রক্তের দাগ দেখা গেছে।
এ বিষয়ে রেলের কি ম্যান জাহাঙ্গীর বলেন, সকালে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে আমাকে ফোনে জানান। পরে ঘটনাস্থলে এসে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


