ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিভিন্ন দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০১:৩৬ পিএম
মানববন্ধনে শিক্ষার্থীরা। ছবি : রূপালী বাংলাদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় গাজীপুর মহানগরীর গাছা থানাধীন জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সারা দেশ থেকে আগত প্রায় অর্ধশত এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে সেশন জটের কারণে তারা জেনারেল শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে পড়েছেন।

পাশাপাশি করোনা মহামারি এবং গত বছরের জুলাই আন্দোলনের প্রভাবেও তাদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ কারণে ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে তারা চরম উদ্বেগে রয়েছেন।

শিক্ষার্থীরা জানান, মানবিক দিক বিবেচনায় তাদের পরীক্ষার খাতা চলতি মাসের ৫ তারিখে পুনরায় দেখার জন্য আবেদন করা হয়েছে। একই সঙ্গে গ্রেস মার্ক দিয়ে উত্তীর্ণ করার দাবিও জানানো হয়েছে।

তাদের অভিযোগ, ভালো পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরাও অকৃতকার্য হয়েছেন, অথচ পাশে বসে অপেক্ষাকৃত দুর্বল পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছেন।

এ ছাড়াও মানববন্ধনে অনার্স কোর্সের শিক্ষার্থীদের সঙ্গে ডিগ্রি কোর্সের শিক্ষার্থীদের বিদ্যমান বৈষম্যও তুলে ধরা হয়। শিক্ষার্থীরা দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী তানিয়া বেগম, ভাবনা, রাকিবুল ইসলাম নয়ন, রায়হান মিয়া ও খায়রুল আলমসহ অন্যান্যরা। এ সময় এক ও দুই বিষয়ে অকৃতকার্য প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, তাদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত। সমস্যা নিরসনের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন বলে জানান বিশ্ববিদ্যালয় আইনশৃঙ্খলাবিষয়ক পরিচালক আতাউর রহমান।