গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার গাড়ারিয়া মৌজায় সরকারের কয়েক কোটি টাকা মূল্যের খাসজমি জবরদখল করে একটি রিসোর্ট নির্মাণের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের নেতা আমিনুল ইসলামের বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা যায়, আমিনুল ইসলাম তৎকালীন স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সেই প্রভাব খাটিয়ে তিনি প্রশাসনের নাকের ডগায় গাড়ারিয়া মৌজার সাবেক ১ নম্বর খাস খতিয়ানের এসএ ৮২ নম্বর দাগভুক্ত ১০৯ শতাংশ সরকারি জমি দখল করে নেন। দখলকৃত জমিটির বর্তমান বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, জমিটি দখলের পর চারদিকে বাউন্ডারি নির্মাণ করে ভেতরে দৃষ্টিনন্দন একটি রিসোর্ট গড়ে তোলেন আমিনুল ইসলাম।
স্থানীয় সাংবাদিক সাকিল মোল্লা জানান, ওই সময় আমিনুল ইসলামের প্রভাব ও ভয়ের কারণে স্থানীয় কেউ মুখ খুলতে পারেননি। পাশাপাশি উপজেলা ও জেলা প্রশাসনও দখল প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে নাগরী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মো. সোলাইমান বলেন, সরকারি জমি দখলের বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দিয়েছি।
কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রূপালী বাংলাদেশকে বলেন, জবরদখল হওয়া সরকারি জমি উদ্ধারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে বেদখল সরকারি জমি উদ্ধারের বিষয়ে জেলা প্রশাসকের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন