ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপির নির্বাচনি প্রচারের জন্য রাখা গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১৮

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:৪৯ পিএম
ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির নির্বাচনি প্রচারের জন্য রাখা গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৮ জন কর্মীসমর্থক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে টঙ্গীর সেনাকল্যাণ গার্মেন্টেসের সামনে এ ঘটনা ঘটে। পরে সোয়া ৬টার দিকে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতদের মধ্যে রয়েছেন: অনিক (২৭), হাসু (৩৮), হাসনাত (১৮), হাসনাত (২২), আকাশ (২৮), রমজান (১৮) রাফি (১২), বিজয় (১৬), তাসিন (১৮), সিয়াম (১৬), মিনহাজ (১৭), নুরু (১৮), শাওন (২০), ইমাম (১৪), নির্জন (২২), মারুফ (২২) রুবেল (৩৪) ও রাব্বি (১৩)।

আহতদের নিয়ে আসা মো. রবিউল ইসলাম জানান, ‘আমরা মঞ্জুরুল করিম রনির নির্বাচনি প্রচার চালানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটে।’

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ড. শাওন বিন রহমান জানান, গাজীপুর থেকে ১৮ জনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়েছে। তাদের সবার ড্রেসিং চলছে। এ মুহূর্তে দগ্ধের পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না; বিষয়টি পরে জানানো হবে।