ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, স্থবির গাজীপুরের মহাসড়ক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১১:৫৩ পিএম
ঘরমুখো মানুষের ভিড়ে স্থবির গাজীপুরের মহাসড়ক। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার পর রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চল থেকে গ্রামে ফিরতে শুরু করেছেন লাখো মানুষ। আর এর প্রভাব পড়েছে গাজীপুরের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। ফলে বিভিন্ন স্থানে থেমে থেমে যানজট সৃষ্টি হয়।

পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক ও চাকরিজীবীরা পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়ির পথে রওনা হওয়ায় মহাসড়কগুলোতে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গগামী যাত্রীদের বড় একটি অংশ গাজীপুর হয়ে যাতায়াত করায় যানজটের পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে।

পুলিশ ও পরিবহনসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় দিয়ে প্রায় ২২ জেলার যানবাহন চলাচল করে। ভোটের ছুটিকে কেন্দ্র করে একযোগে বিপুলসংখ্যক মানুষ বাড়ি ফেরায় স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন মহাসড়কে নেমেছে।

অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তাসহ আশপাশের এলাকাতেও যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। যাত্রীদের অনেকে জানান, যানজটের কারণে স্বাভাবিক সময়ের তুলনায় গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে।

যানজট নিরসনে গাজীপুর মহানগর পুলিশ, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে কাজ করছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখা যায়।

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী ট্রাফিক বিভাগের পরিদর্শক মাসুদ রানা বলেন, আগামী কয়েক দিন মহাসড়কে চাপ আরও বাড়তে পারে। তাই যানজট নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম চালু রাখা হবে।

এদিকে ঘরমুখো মানুষের ভিড়ে বাস টার্মিনাল ও সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পরিবার–পরিজনের সঙ্গে ভোট ও ছুটি কাটাতে বাড়ি ফিরছেন হাজারো মানুষ।