গাজীপুরের শ্রীপুরে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবি করেছে একটি চক্র। পরে পুলিশের এক দুর্ধর্ষ অভিযানে সেই অটোরিকশা চালককে উদ্ধার এবং জড়িত তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ অপহরণের ঘটনা ও মামলার সত্যতা নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আতাউর রহমান (৩২) কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাঁচপীর গ্রামের আব্দুল কাসেমের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (ওয়েলডান মোড়) এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তার স্ত্রীর বড় ভাই রেজাউল করিম (৩০) বাদী হয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চারজনকে আসামি করে থানায় মামলা করেন।
পুলিশ জানায়, রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আসাদুল ইসলাম (৪৬) ও এনামুল হক (৪০)সহ কয়েকজন আতাউর রহমানকে তার বাসার সামনে থেকে জোর করে তুলে নিয়ে যায়। পরে তাকে একটি দোকানের ভেতরে নিয়ে শাটার বন্ধ করে মারধর করা হয়। একপর্যায়ে আদাম বেপারী বাবু (৩২) ও আনোয়ার হোসেন (৪০) কাঠের বাটাম দিয়ে পিটিয়ে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
এ সময় ভুক্তভোগীর কাছে থাকা নগদ ৩৭ হাজার টাকা এবং মুঠোফোনের বিকাশ অ্যাকাউন্টে থাকা ৮ হাজার টাকা নিয়ে নেওয়া হয়। বাকি টাকা না পেয়ে তাকে একটি ভাড়া বাসার কক্ষে আটকে রেখে মারধর করা হয়। বিভিন্ন নম্বর থেকে ফোন করে তার স্বজনদের কাছেও ৬ লাখ টাকা দাবি করা হয়।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আতাউর রহমানকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে এনামুল হক ও আদাম বেপারী বাবুকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে আসাদুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে এনামুল হক ও আদাম বেপারী বাবুকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। অপর আসাদুল ইসলাম এবং ভুক্তভোগী আতাউর রহমানকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) আদালতে পাঠিয়ে জবানবন্দি নেওয়া হবে।

