ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাজীপুর সিটিতে শওকতের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১২:২১ পিএম
গাজীপুর সিটিতে শওকতের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নগর ভবনের মিলনায়তনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।

সকালে নগর ভবনে পৌঁছালে নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ সোহেল হাসান।

এ সময় সিটি করপোরেশনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে নতুন প্রশাসকের প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।

দায়িত্ব গ্রহণ শেষে শওকত হোসেন সরকার সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি নগর উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গাজীপুরকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরীতে রূপ দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এর আগে সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি শওকত হোসেন সরকার অতীতে কাশিমপুর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গাজীপুর সিটি করপোরেশনের রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসে উল্লেখযোগ্য কয়েকজন নেতৃত্বও দায়িত্ব পালন করেছেন। সিটি করপোরেশন ঘোষণার পর প্রথম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান। পরে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং তার মা জায়েদা খাতুন মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জায়েদা খাতুনকে অপসারণ করা হলে সরকার প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য ঢাকা বিভাগের তৎকালীন বিভাগীয় কমিশনার শরাফ উদ্দিন আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।

নতুন প্রশাসক হিসেবে শওকত হোসেন সরকারের এই দায়িত্ব গ্রহণকে ঘিরে গাজীপুরের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ নাগরিকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। নগরবাসী আশা করছেন, তার নেতৃত্বে সিটি করপোরেশনের সেবার মান আরও উন্নত হবে এবং দীর্ঘদিনের নাগরিক সমস্যার কার্যকর সমাধান আসবে।