গাজীপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকার দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসেই মশক নিধন কার্যক্রম শুরু করে জনস্বার্থে তাৎক্ষণিক পদক্ষেপের নজির স্থাপন করেছেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য প্রাদুর্ভাব রোধে নগর ভবন চত্বর থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রশাসক নিজে উপস্থিত থেকে নগর ভবন এলাকা এবং টঙ্গীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম তদারকি করেন।
এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে সরাসরি মাঠপর্যায়ে কাজ করেন, যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
কার্যক্রমের অংশ হিসেবে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন এবং লার্ভিসাইড ছিটিয়ে মশার বংশবিস্তার রোধে বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
প্রশাসক শওকত হোসেন সরকার জানান, নগরীর প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে বিশেষ অভিযান পরিচালনা করা হবে এবং কোথাও যেন মশার উপদ্রব নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।
তিনি আরও বলেন, শুধু স্প্রে কার্যক্রম চালালেই হবে না; নাগরিকদেরও সচেতন হতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত পরিষ্কার করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই মশাবাহিত রোগ প্রতিরোধ সম্ভব।
এ সময় সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মশক নিধন কার্যক্রম চালু রাখা এবং সচেতনতামূলক প্রচারণা জোরদার করার পরিকল্পনার কথাও জানানো হয়।
প্রথম কর্মদিবসেই জনস্বার্থ-সংশ্লিষ্ট এমন কার্যক্রম হাতে নেওয়ায় প্রশাসকের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। তাঁদের মতে, এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে মশাবাহিত রোগের ঝুঁকি অনেকটাই কমে আসবে এবং নগরবাসী স্বস্তি পাবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন