ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাজীপুরে ১৭ লাখ টাকার হেরোইনসহ কারবারি আটক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৪:২৩ পিএম
আটক মাদক কারবারি। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের হেরোইনসহ মো. তারেক হোসেন বাবু (৪৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

সোমবার (২ মার্চ) ভোরে পরিচালিত এই অভিযানে আটককৃত আসামির কাছ থেকে ১৬৫ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৪টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকার আনসার একাডেমীর সামনে কয়েকজন মাদক কারবারি হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

পরবর্তীতে সকাল ৫টা ৪০ মিনিটে সফিপুর এলাকায় আনসার একাডেমীর ৩ নম্বর গেট সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে মো. তারেক হোসেন বাবুকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে উল্লেখিত মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত ব্যক্তি জানান, তিনি দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের সঙ্গে যোগসাজশে দেশের বিভিন্ন জেলা থেকে অবৈধ হেরোইন সংগ্রহ করে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন। এ ছাড়া এ চক্রের সঙ্গে আরও অন্তত দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে বলেও তিনি স্বীকার করেন।

র‌্যাব জানায়, আটককৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল জানান, গাজীপুরসহ সারাদেশে মাদক নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি কার্যকর রয়েছে।

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক ব্যবসা অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে এবং তরুণ সমাজকে মাদকের ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হবে।