গাজীপুরের কালীগঞ্জে দুই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিকদের মধ্যে বিরোধের জেরে লাগা সংঘর্ষে হবি সিকদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত এবং দুজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ইকবাল সিকদার (৩৪) নামে এক যুবককে আটক করেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের খলাপাড়া এলাকার এবিএল গেটের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খলাপাড়া এলাকায় অবস্থিত দুটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিকদের মধ্যে দীর্ঘদিন ধরে মেশিনের ফর্মা বা ছাঁচ তৈরি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে এ বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় হবি সিকদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় জড়িত থাকার অভিযোগে ইকবাল সিকদার নামে এক যুবককে আটক করা হয়।
স্থানীয়রা জানান, তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ মুহূর্তেই বড় সংঘর্ষে রূপ নেয়। ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

