গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া বাজারে ছুরিকাঘাতে শারমিন রুমা (৩৮) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী রতন মিয়ার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী পালিয়ে যান।
শুক্রবার (৬ মার্চ) দুপুর প্রায় তিনটার দিকে কেওয়া বাজার এলাকার ইব্রাহিম খলিলের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী পোশাক শ্রমিক খোদেজা আক্তার জানান, নিহতের দ্বিতীয় স্বামী রতন মিয়া হঠাৎ ছুরি নিয়ে এসে শারমিন রুমার সঙ্গে কথাকাটাকাটি শুরু করেন। একপর্যায়ে তিনি পেছন দিক থেকে রুমাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. আল নাফিস বলেন, রুমাকে হাসপাতালে আনার সময় তার বুকের পেছনে গুরুতর জখম ছিল। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত শারমিন রুমা নেত্রকোনা সদর উপজেলার জয়ানগর গ্রামের সাহেব আলীর মেয়ে। তিনি কেওয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় পারটেক্স কারখানায় কাজ করতেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

